সাভারে যাত্রীবাহী একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা , এতে ৪ জন আহত হয়েছেন
>
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ওয়েলকাম পরিবহন নামক একটি চলন্ত বাসে যাত্রীদের মধ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসির সামনে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শামীম নামে একজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি।
বাসের যাত্রী হারুন-অর-রশিদ জানান, তিনি সাভার উলাইল থেকে ওয়েলকাম বাসে উঠেছিলেন। বাসটি যখন সাভার বাসস্ট্যান্ড অতিক্রম করে, তখন যাত্রীদের মধ্যে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্রের সাহায্যে কিছু যাত্রীকে জিম্মি করে। এ সময় বাসে উপস্থিত যাত্রীদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করা হয়। এর ফলে কয়েকজন যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
আহত শামীমের ভায়রা মিজানুর রহমান ডেইলি আরকে নিউজ কে জানান, তার ভায়রা ওয়েলকাম বাসে করে আশুলিয়ার শ্রীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় সাভারের বিপিএটিসি এলাকায় যাত্রীসদৃশ একদল ডাকাত অস্ত্র নিয়ে যাত্রীদের মালামাল লুট করতে শুরু করে। তখন তার ভায়রাকে ধারালো অস্ত্র দিয়ে বুকসহ বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডা. হাসান মাহবুব ঢাকা পোস্টকে জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত চারজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে একজন চিকিৎসাধীন রয়েছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ডেইলি আরকে নিউজকে জানান, বিশমাইলে ডাকাতির শিকার একটি বাস রয়েছে। আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছাচ্ছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে ডেইলি আরকে নিউজকে বলেন, বিশমাইল এলাকায় ছাত্ররা চালক ও হেলপারসহ বাসটিকে আটক করেছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


0 Comments