বাহরাইনের ক্রাউন প্রিন্সের উদ্দেশ্যে ড. ইউনূসের লেখা একটি চিঠি।
বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সিংহাসনে আরোহণের ২৫ বছর এবং বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফাকে একটি চিঠি পাঠিয়েছেন।শুক্রবার (৩১ জানুয়ারি) বাহরাইনের বাংলাদেশ দূতাবাস এই তথ্য প্রকাশ করেছে।
বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস ২৯ জানুয়ারি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে, পররাষ্ট্রমন্ত্রী ড. জায়ানি বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো অভিনন্দন বার্তার চিঠিটি চার্জ দ্য অ্যাফেয়ার্সের নিকট গ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা বাহরাইনের জাতীয় দিবস এবং মহামহিম রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সিংহাসনে আরোহণের ২৫ বছর পূর্তি এবং বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা প্রেরণ করেছেন।
পরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসাসহ সকল ভিসা খুলে দেওয়ার জন্য আবেদন জানান। এ প্রেক্ষাপটে, পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার এবং ইতিবাচক সমাধানের জন্য চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।
পররাষ্ট্রমন্ত্রী দূতাবাসের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও আইনি সেবা প্রদানসহ অন্যান্য অনুষ্ঠান আয়োজনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ-বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ, গালফ ফুটবল আসরের বাহরাইন-ওমান ফাইনাল লাইভ ম্যাচের সিনেমা হলে প্রদর্শন এবং তিন দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। একইসঙ্গে, চার্জ দ্য অ্যাফেয়ার্স কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দূতাবাসের সঙ্গে যৌথভাবে লোগো ও বিশেষ প্রকাশনা উন্মোচনের জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
গত ২০ ও ২৯ জানুয়ারি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকগুলোতে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান এবং তৃতীয় সচিব মোহাম্মদ মামুনুর রশিদ তালুকদার উপস্থিত ছিলেন।

0 Comments