Header Ads Widget

নতুন সূর্যোদয়ে ভালো দিনের প্রত্যাশা

 নতুন সূর্যোদয়ে ভালো দিনের প্রত্যাশা


পূর্বাকাশে উদিত হয়েছে নতুন সূর্য। তার রশ্মি চারপাশে ছড়িয়ে পড়েছে কুয়াশার আবরণ ভেদ করে। আজকের সূর্যোদয় নিয়ে এসেছে নতুন বার্তা, নতুন আশা। ২০২৪ সালের সকল অপ্রাপ্তি, ভুল, হতাশা, দুঃখ ও গ্লানি মুছে ফেলে আজ থেকে শুরু হবে নতুন উদ্যমে সফলতার দিকে অগ্রসর হওয়া। আজ ২০২৫ সালের এই প্রথম সূর্যোদয়ে রয়েছে অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যাওয়ার সংকল্প।


নতুন বছরের সূর্যোদয় সকালে হলেও মঙ্গলবার রাত ১২টায় ঘড়ির কাঁটা শূন্যের ঘর অতিক্রম করার সাথে সাথে নতুন বছরের গণনা শুরু হয়েছে। নতুন বছর নতুন প্রত্যাশার প্রতীক। উদ্যম ও সাহস নিয়ে আবারও নতুন পথে যাত্রা শুরু করা।

খ্রিষ্টীয় নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ সারা বিশ্বের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি এক বাণীতে উল্লেখ করেন, নতুন বছরের আগমন আমাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে এবং একটি সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা প্রদান করে। নতুন বছরের এই বিশেষ মুহূর্তে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে পৌঁছানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ।


প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার লাখো শহিদের রক্ত ও জুলাই-আগস্টের ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা রক্ষা করার প্রতিশ্রুতি প্রদান করছে। আমরা আমাদের দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে আমাদের সমস্ত শক্তি নিবেদিত করব এবং যে কোনো সন্ত্রাসবাদকে প্রতিরোধ করব।

নতুন বছরে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় হোক এই প্রত্যাশা করে তিনি বলেন, খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ সবার জীবনে নিয়ে আসুক অবারিত সুখ, শান্তি ও সমৃদ্ধি।

২০২৫ সাল রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে চিহ্নিত হচ্ছে। সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতি ঘটবে-এমন প্রত্যাশা সকলের। গত বছরে যে আশা নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, তা হয়তো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে, নতুন উদ্যম নিয়ে সামনে এগিয়ে গেলে সাফল্য অবশ্যই আসবে। আজকের দিনে দেশের জনগণের এই দৃঢ় বিশ্বাস।

https://125700.shop/326763fc24c72d13bf9d/16cca6efca/?placementName=default

২০২৪ সালে দেশের জনগণ অনেক প্রত্যাশা নিয়ে বছর শুরু করলেও বিভিন্ন কারণে সেগুলোর অনেকটাই বাস্তবায়িত হয়নি। তবে ২০২৪ সালের গণঅভুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের একচ্ছত্র শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশকে পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। মানুষের মত প্রকাশের অধিকার পুনরুদ্ধার হয়েছে। ভোটের অধিকার নিশ্চিত হওয়ার ফলে দেশের জনগণ নতুন একটি সুশাসনের প্রত্যাশায় রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে ইতিমধ্যে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। নির্বাচনের পূর্বে দেশের বিভিন্ন খাতে সংস্কারের প্রয়োজনীয়তার ওপর পুনরায় গুরুত্বারোপ করা হয়েছে। সাধারণ জনগণ একটি উন্নত ভবিষ্যতের প্রত্যাশায় রয়েছে, যেখানে বৈষম্যহীন সমাজ গঠন হবে, দুর্নীতি হ্রাস পাবে এবং মানুষের সকল অধিকার রক্ষা করা হবে। সর্বোপরি, মানুষের উন্নয়ন ঘটবে এবং দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।


দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের অধীনে দেশ পরিচালনার গুরুত্ব বারবার তুলে ধরছে। সাধারণ জনগণও ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য আগ্রহী। সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, যা অতীতের সব ভুলভ্রান্তি মুছে ফেলে বাংলাদেশকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাবে।

২০২৪ সালে দেশের অর্থনীতি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ব্যাংক খাতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। দেশের মানুষের প্রত্যাশা, অর্থনৈতিক খাতের সব সূচক লক্ষ্যমাত্রা পূরণ করবে এবং সকল শ্রেণির মানুষের সচ্ছলতা স্থায়ীভাবে ফিরে আসবে। জীবনমানের উন্নতি হবে এবং মূল্যস্ফীতির হার সহনীয় পর্যায়ে নেমে এসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে আসবে।


দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বিনিয়োগ। দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ২০২৫ সালে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়ার বিষয়ে দেশের মানুষের মধ্যে আশাবাদ রয়েছে।

২০২৫ সালে প্রতিবেশী ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতির মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি বৃদ্ধি এবং প্রবাসীদের আয় বৃদ্ধির পাশাপাশি রেমিট্যান্সের প্রবাহ বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগের প্রত্যাশা করছেন মানুষ।

https://125700.shop/326763fc24c72d13bf9d/16cca6efca/?placementName=default

রাজনৈতিক অস্থিরতা, সংঘাত, লড়াই এবং সহিংসতা দেশের জনগণের কাম্য নয়। সকলের প্রত্যাশা হলো, স্থিতিশীল রাজনৈতিক ও সামাজিক পরিবেশের মাধ্যমে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন আরও দ্রুততর হবে।

শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, আবাসনসহ মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে দেশে এখনও বিশৃঙ্খলা বিদ্যমান। দেশের জনগণ চান যে এই বিশৃঙ্খলা দূর হয়ে প্রকৃত অর্থে দেশে শান্তি ও স্বস্তি ফিরে আসবে। সত্যিকার অর্থে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।

Post a Comment

0 Comments